এমরান হোসেন, বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত সারাদেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ বিভিন্ন খাতের গ্রাহকরা গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
ফলে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর প্রভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের চাপ কমে যেতে পারে।
পেট্রোবাংলা জানায়, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এদিকে গ্যাস সরবরাহ বন্ধের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সারাদেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখার খবরকে গুজব উল্লেখ করে পেট্রোবাংলা জানিয়েছে, কোথাও গ্যাস সরবরাহ বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। এ সময় শুধু সরবরাহের পরিমাণ কম থাকবে।
