বদরুজ্জামান রুবেল, নারায়ণগঞ্জ (আড়াইহজার) থেকে : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে আড়াইহাজারের বাজবী তিনগাঁও এলাকায় অবৈধ অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রাব্বি (২০) ও মো. সাব্বির (১৬)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর থানার পানান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর আপন কুমার মজুমদার জানান, বাজবী তিনগাঁও এলাকায় মো. শফিকুল ইসলামের ভাড়া বাড়ির সামনে থেকে স্থানীয়রা অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
আটকের পর রাব্বির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে একটি পিস্তলের ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করে, পুলিশ দেখে সে তার ব্যবহৃত পিস্তল পাশের একটি ডোবায় ফেলে দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহায়তায় ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাব্বি বর্তমানে আড়াইহাজারের বাজবী তিনগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকত। অন্যদিকে সাব্বির তার মামা গাফ্ফারের বাড়ি রূপগঞ্জের ডহরগাঁও এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
