ঝিনাইদহের চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে উঠেছিল ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠা মেলা ১৪৩২।

রঙিন পাঞ্জাবি, শাড়ি ও নান্দনিক সাজে সেজে ছোট্ট শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয়। ফাগুনের হাওয়ায় নাচ, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। শিশুদের অংশগ্রহণে পরিবেশিত বসন্তবরণ অনুষ্ঠান উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও জনাব হোসনেআরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, আমেনা খাতুন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুস সালাম এবং সমাজসেবক সালাউদ্দিন গাউস গোর্কি।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিঠা মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল সাজানো হয়, যা ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।

চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু জানান, “প্রতি বছরই শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে আমরা বসন্ত উৎসব ও পিঠা মেলার আয়োজন করি। এর মাধ্যমে শিশুরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং আনন্দঘন পরিবেশে শিখতে পারে।”

দিনব্যাপী এই আয়োজনে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বসন্তের রঙে রাঙানো এ আয়োজন শিশুদের মনে রেখে যাবে এক উজ্জ্বল স্মৃতি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন