এ.বি.এম. হাবিবুর রহমান :
নওগাঁ—একটি কৃষিনির্ভর জেলা। ধান আছে, আম আছে, উৎপাদন আছে। কিন্তু নেই কৃষি বিশ্ববিদ্যালয়, নেই আধুনিক হিমাগার, নেই কৃষিপণ্য সংরক্ষণের কার্যকর ব্যবস্থা। প্রশ্ন থেকে যায়—যেখানে উৎপাদন, সেখানে সংরক্ষণ নেই কেন? উন্নয়নের দাবিতে এত বছর ধরে কেন নওগাঁ উপেক্ষিত?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে বলেন, “ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় হবে। কৃষিভিত্তিক হিমাগার, সংরক্ষণাগার হবে। আমের জন্য জুস প্রসেসিং কারখানা হবে। আর এই শহরের প্রাণের দাবি—ফোর লেন রাস্তা—সেটিও বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের এটিএম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, নওগাঁর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আজ অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বিলুপ্তির পথে। “বিশ্বে পর্যটন এখন একটি বড় শিল্প। অথচ আমাদের ঐতিহ্য সংরক্ষণ না হওয়ায় সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে। আমরা এসব স্থাপনাকে আধুনিকায়ন করবো, পর্যটন শিল্পকে দাঁড় করাবো।”
৫৪ বছরের রাষ্ট্র পরিচালনার হিসাব টেনে তিনি বলেন, “বাংলাদেশে বহু দল ক্ষমতায় এসেছে। কিন্তু দেশের ভাগ্য বদলায়নি। যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের ভাগ্য বদলানোর চেয়ে নিজেদের কপাল বদলাতে বেশি ব্যস্ত ছিল। জনগণের টাকা চুরি হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, শেয়ারবাজার লুট হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে।”
তার ভাষায়, এই লুণ্ঠিত অর্থের পরিমাণ প্রায় ২৮ লক্ষ কোটি টাকা। “এই টাকার মালিক আপনারা। আমরা সরকার গঠন করতে পারলে কাউকে আর চুরি করতে দেব না। যারা টাকা বিদেশে পাচার করেছে, তাদের শান্তিতে থাকতে দেব না।”—এভাবেই কঠোর অবস্থানের কথা জানান তিনি।
ড. শফিকুর রহমান আরও বলেন, গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ‘মিসাইল হামলা’ চালানো হচ্ছে—মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের মাধ্যমে। তিনি দাবি করেন, তার এক্স (X) অ্যাকাউন্ট হ্যাক করে সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এবং ইতোমধ্যে পুলিশ হ্যাকারকে আটক করেছে। “সবচেয়ে কষ্ট লাগে—যাদের সঙ্গে একদিন রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তাদের একটি অংশ আজ এই ঘৃণিত কাজে জড়িত।”
তিনি বলেন, “গত ৫৪ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার হিসাব নেওয়া হবে। দেশের যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলো সংস্কার করা হবে—ইনশাআল্লাহ।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমীর ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ সদর-৫ আসনের এমপি প্রার্থী আ. স. ম. সায়েমসহ জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা ও দলীয় নেতৃবৃন্দরা।
