‘রিভার ভিউ ফুড গার্ডেন’— বড়ালের পাড়ে স্বপ্নের এক সবুজ ঠিকানা


আব্দুল মজিদ, নাটোর: নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ এলাকার শান্ত জনপদে, বড়াল নদীর কোল ঘেঁষে, আম-লিচুর বাগানের সবুজ ছায়ায় জন্ম নিল এক নতুন স্বপ্নের নাম— ‘রিভার ভিউ ফুড গার্ডেন’।

শুধু একটি খাবারের দোকান নয়, এটি যেন এক টুকরো প্রশান্তি, এক মায়াময় বিকেল, একদল নারীর আত্মবিশ্বাসের গল্প।

১৫ মে শুক্রবার সন্ধ্যায় অনাড়ম্বর অথচ হৃদয়ছোঁয়া পরিবেশে শুভ উদ্বোধন করা হয় এই ব্যতিক্রমী ফুড গার্ডেনটির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“একজন নারী উদ্যোক্তা হিসেবে আইভি আক্তার এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। বড়াল নদীর ধারে মনোরম পরিবেশে গড়ে ওঠা এই ফুড গার্ডেন শুধু ব্যবসা নয়, এটি আগামী দিনের নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

আসলেই, ‘রিভার ভিউ ফুড গার্ডেন’-এ গেলে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে একটি নিরিবিলি অনুভূতির আঙিনা। চারপাশে সবুজের সমারোহ, নদীর বাতাস, পাখির ডাক আর সন্ধ্যার মৃদু আলো— সব মিলিয়ে যেন এক কাব্যিক আবহ। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর এক চমৎকার জায়গা হয়ে উঠতে পারে এই স্থানটি।

এখানে রয়েছে মুখরোচক নানা খাবারের আয়োজন— ফুসকা, চটপটি, ভেলপুরি, হালিম, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, রোল স্যান্ডউইচ, সুপ, কোল্ড ড্রিংক, চা ও কফি। খাবারের স্বাদের পাশাপাশি পরিবেশের নির্মলতা যেন বাড়তি তৃপ্তি এনে দেয় দর্শনার্থীদের মনে।

এই স্বপ্নযাত্রার মূল কারিগর নারী উদ্যোক্তা মোছা. আইভি আক্তার। তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল সাহস। তিনি বলেন,

“আমি একজন নারী উদ্যোক্তা। আমরা কয়েকজন নারী মিলে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে আমার স্বামী মো. মোস্তাফিজুর রহমান রতন। সকলের সহযোগিতা পেলে অবশ্যই সফল হতে পারবো।”

স্বামী মো. মোস্তাফিজুর রহমান রতনের কণ্ঠেও ছিল বিশ্বাস আর ভালোবাসার দৃঢ়তা। তিনি বলেন,

“আমার স্ত্রীর মধ্যে আমি প্রতিভা দেখি। সে থেমে যাক এটা চাই না। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তাকে সর্বোচ্চ স্থানে দেখতে চাই। আমি সবসময় তার পাশে আছি, থাকবো।”

সমাজসেবক মাহাতাব উদ্দিনের ভাষায়, “আইভি একজন পরিশ্রমী নারী। তার এই প্রতিষ্ঠান অবশ্যই উন্নতির শিখরে পৌঁছাবে।”

স্থানীয় রিয়াজুল ইসলাম সুরুজ বলেন, “আম ও লিচু বাগানের মধ্যে এমন একটি স্থাপনা সত্যিই দৃষ্টিনন্দন। বড়াল নদীর নির্মল বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে।”

আজকের এই ‘রিভার ভিউ ফুড গার্ডেন’ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি নারীর স্বপ্ন জয় করার গল্প, আত্মবিশ্বাসের গল্প, ভালোবাসা আর সহযোগিতার গল্প।

এক সময়ের বড়ালের ঢেউয়ের মতোই এই স্বপ্নও ছড়িয়ে পড়ুক বহু দূর— এমন প্রত্যাশা এখন বাগাতিপাড়ার মানুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন