ঈদের শুভেচ্ছা বিনিময় ও বর্জ্য ব্যবস্থাপনা সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির
এসএম মিরাজ হোসাইন টিপুঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। একই সঙ্গে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজের জামাতের পূর্বে দেওয়া এক বক্তব্যে জেলা প্রশাসক রায়হন কবির নারায়ণগঞ্জ বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানন এবং নারায়ণগঞ্জ জেলাবাসীর প্রতিটি পরিবার যেনো শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের পাশাপাশি জেলার প্রতিটি নাগরিকের পরিবেশের প্রতি খেয়াল রেখে সরকারি নির্দেশনা মেনে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং কোরবানির পশুর চামড়া যথাযথ সংরক্ষণেও যত্নবান হতে হবে।
তিনি বলেন, এ বিষয়ে আমি ও আমার জেলা প্রশাসন সার্বক্ষনিক তৎপর রয়েছি। আপনাদের সকলের সহযোগিতা পেলেই নারায়ণগঞ্জের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রশাসক রায়হান কবির বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্ব সময়ের জন্য সচেতন ও সক্রিয় রয়েছে। তাই কোনো প্রকার শঙ্কা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নারায়ণঞ্জবাসীর পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এছাড়াও যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসক প্রতিটি নাগরিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ঈদের দিন সমগ্র জেলার সার্বিক নিরাপত্তা সহ বর্জ্য অপসারণ ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জনবল মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
