সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম, ঝিনাইদহের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবীর, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সবুজ বাংলা টিভি র পরিচালক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, এটিএন বাংলা র জেলা প্রতিনিধি ইমন হাসান, পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি তাপস কুণ্ডু, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনসহ সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সত্যনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। সেই দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে দৈনিক মতপ্রকাশ আগামী দিনগুলোতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি এবং দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
