ড্রেজার সিন্ডিকেটের বুকে কাঁপন: বাঙ্গরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ও বাঙ্গরা পূর্ব ইউনিয়নে মোবাইল কোট পরিচালনা করেন অভিযানের নেতৃত্ব দেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। ছবি : ডেইলি নিউজ

হাফেজ নজরুল : অবৈধ বালু খেকোদের রুখতে এবার কোমর বেঁধে নেমেছে প্রশাসন। সোমবার দিনব্যাপী মুরাদনগর উপজেলার বাঙ্গরা (পূর্ব) ও বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নে যেন চলল এক ঝটিকা ঝড়। উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চিরুনি অভিযানে তছনছ হয়ে গেছে অবৈধ ড্রেজার সিন্ডিকেটের শক্তিশালী নেটওয়ার্ক।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

অভিযান সূত্রে জানা যায়, সাধারণ মানুষের ফসলি জমি ও পরিবেশ রক্ষায় আজ সকাল থেকেই মাঠে নামে টাস্কফোর্স। একের পর এক স্পটে হানা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ৪টি দানবীয় ড্রেজার মেশিন। একই সাথে ধ্বংস করা হয় প্রায় ২ হাজার ২০০ ফুট দীর্ঘ অবৈধ পাইপলাইন।

শুধু ড্রেজার অপসারণই নয়, আইনের কঠোর হাত থেকে রেহাই পাননি অপরাধীরাও। অবৈধ ড্রেজিংয়ের অপরাধে হাতেনাতে ধরা পড়া রুহুল আমীন নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।

আদালত সূত্র নিশ্চিত করেছে, মোবাইল কোর্টে আদায়কৃত অর্থদণ্ড সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এই ধরনের "জিরো টলারেন্স" অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন