নাগরপুরে শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইল পুলিশ সুপার


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সাম্প্রদায়িক  সম্প্রীতির অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা এখানে শত বছর ধরে একই আঙিনায় মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থিত। একদিকে মসজিদের আজান আর অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনা। এই মেলবন্ধন এ অঞ্চলের আবহমানকালের সম্প্রীতির এক জীবন্ত প্রতীক।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বিপিএম-সেবা।

রবিবার সন্ধ্যায় তিনি উপজেলার দুয়াজানি মহামায়া ক্লাব ও সূর্য কান্ত সাহার বাড়ি এবং ওঝা ঠাকুর হরনাথ স্মৃতি কেন্দ্রীয় মন্দির চৌধুরী বাড়ি ক্লাব মন্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোহাম্মদ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম এবং পূজা উদ্যাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সূত্রধরসহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজারীগণ।

পরিদর্শনকালে পুলিশ সুপার নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্তোষ প্রকাশ করেন এবং শারদীয় দুর্গোৎসব চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন